বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা ইনশাআল্লাহ এ পর্যন্ত জনগণের সহযোগিতায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। ভবিষ্যতেও কোনো চ্যালেঞ্জ এলে তা আমরা যথাযথভাবে মোকাবিলা করব। আমি অত্যন্ত আনন্দিত যে, বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশা আল্লাহ স্টেশনে পৌঁছাবে—এটি আমার দৃঢ় বিশ্বাস।
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি ওয়াদা করেছিলাম যে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেব। আপনারা দেখেছেন, এই কয়দিনে মানুষ ঈদের দিনের মতো, ঈদুল ফিতর বা ঈদুল আযহার মতো উৎসবমুখরভাবে ভোট দিতে কেন্দ্রগুলোতে গেছে। গ্রামেগঞ্জের মানুষও আনন্দমুখর হয়ে ভোট দিতে এসেছে। দীর্ঘদিন পরে ভোটের এই পরিবেশ তাদের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
এবারের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ২০২৬ সালের এটি দেশের সবচেয়ে বড় নির্বাচন। গতকাল বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছি, তারা আমাদের কাজ দেখে অত্যন্ত আনন্দিত। প্রায় ১৭ লাখ লোক নির্বাচন কাজে নিয়োজিত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনকে প্রশিক্ষণ দিয়ে, ইলেকশন-ওরিয়েন্টেড ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে একযোগে কাজে লাগানো হয়েছে—এটি এক বিশাল কর্মযজ্ঞ।
তিনি আরও বলেন, আমি পূর্বে বলেছিলাম, এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ভোট বাক্স দখলের ইতিহাস আমরা ভুলে যাব। এবার শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
ব্যক্তিগত প্রত্যাশার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমার বয়স ৭৪ বছর, আমার এই বয়সে আর কোনো ব্যক্তিগত চাওয়া বা পাওয়ার নেই। আমরা চাইছিলাম জাতির এই ক্রান্তিকালে শেষ একটি অবদান রাখতে—জাতির জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আল্লাহ তাআলা আমাকে সেই দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, বাকিটা ইনশা আল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হবে। আমার এই আস্থা রয়েছে।
তিনি জানান, বিভিন্ন স্থানে সামান্য কিছু সমস্যা দেখা দিলেও তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্য মোকাবিলা করছি। অনুগ্রহ করে সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই করবেন। আমাদের একমাত্র লক্ষ্য সুষ্ঠু নির্বাচন, অন্য কোনো উদ্দেশ্য নেই।
সকাল থেকেই গ্রামাঞ্চলে নারী ভোটারদের উপস্থিতি এবং তরুণদের অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রতি আস্থা পুনরায় ফিরে আসবে।
