অনলাইন সংস্করণ
১৩:১১, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেলা ১১টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ১৪.৯৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ইসি।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর আজ গণতন্ত্রের নতুন পথযাত্রা শুরু হচ্ছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে।
এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও।
নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি উল্লেখযোগ্য। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ।
সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।