বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ৪৫ মিনিটে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ইসি।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবগুলো কেন্দ্রের ভোট চলমান আছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর আজ গণতন্ত্রের নতুন পথযাত্রা শুরু হচ্ছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে।
এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও।
নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি উল্লেখযোগ্য। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ।
সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
