অনলাইন সংস্করণ
১৩:২৫, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী শেষ সময়ে মৃত্যুবরণ করায় ওই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে বলে জানায় কমিশন।
নির্বাচনে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার সঙ্গত কারণে এবার ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে ২৯৯ আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটার। এদের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।