
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে। ১২৭১৩ পৃষ্ঠায় এ গেজেট প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই গেজেট প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে নির্বাচনি এলাকাসমূহ থেকে জাতীয় সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইতিহাসের নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। সারা দেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা শুক্রবার গভীর রাতে গেজেট প্রকাশ আকারে প্রকাশ করা হলো।
নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর শুক্রবার ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
গেজেটে সংসদীয় ১ থেকে ৩০০ আসনের ক্রমানুসারে নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণ না হওয়া শেরপুর-৩ আসন এবং ভোটগ্রহণ হওয়ার পরও আইন জটিলতায় স্থগিত রাখা দুটি আসনের তথ্যের জায়গা ফাঁকা রাখা হয়েছে।
গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর তারিখ ঘোষণা এখন সময়ের ব্যাপারমাত্র। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।
আবা/এসআর/২৫