নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটা নির্ভর করে যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার ইচ্ছা। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান।

শপথ ১৭ না ১৮ ফেব্রুয়ারি—এ বিষয়ে নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, যদি আমাদের নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখে অমুক সময়ে হবে, আমরা সেই মোতাবেক কাজ করবো। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে। দুইদিন পরে হলে দুইদিন পরের জন্য আমাদের কাজ করতে হবে। জানার পরে সেটা বলতে পারবো, তার আগে কোনো তারিখ না।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের গেজেট নোটিফাইড হয়েছে। জাতীয় সংসদের ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিনদিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণও হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই তিনদিন সময় আগামীকাল থেকে শুরু করে ১৫, ১৬ আর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে।

শেখ আব্দুর রশীদ বলেন, এই ১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে নির্বাচিত হবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তখন এই ঘটনাটি জানিয়ে দিবেন যে, তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপর একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ (নতুন মন্ত্রিসভার সদস্য) গ্রহণ অনুষ্ঠিত হবে। 

মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করে বলেন, আগামী তিনদিন বা ম্যাক্সিমাম চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে। এর চাইতে আর কিছু বলার নেই।