নবনির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই বিষয়ে শপথ নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ ২০২৫-এ সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সে অনুযায়ী তারা দুটি শপথ গ্রহণ করবেন—একটি জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে ১৮০ দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, সেই বিবেচনা থেকেই তারা কাজ করবেন। আর নোট অব ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা-জনগণ বলছেন এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে।

সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলোসহ অন্যান্য অনেক বিষয়ই আছে, যেগুলো যারা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন আমরা আশা করি যে, তারা যে অঙ্গীকার করেছেন—সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি বলেন, আমরা আশা করি যে, তারা একইভাবে যেমন যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্য পদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন—এটাই আমাদের প্রত্যাশা।