প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাবি উপাচার্য
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ প্রান্তে প্রধান উপদেষ্টার বিদায়কালে উপাচার্য এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপাচার্য গত দেড় বছরের দায়িত্ব পালনকালে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । এ সময় তিনি শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
এসময় ড. নিয়াজ আহমদ খান শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি পোট্রেট প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
আবা/এসআর/২৫
