নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বাইরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওইদিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, “সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।”

প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সেই রীতি থেকে সরে এসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টিকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল সরকার গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে।

 

আবা/এসআর/২৫