মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে গতকাল শনিবার নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের আদেশ জারি করে সরকার। বিষয়টি নিয়ে চলছিলো নানা আলোচনা। এমন প্রেক্ষাপটে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেবসুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার নিকট দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।’ 

‘তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন। অতএব, বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’—যোগ করেন শফিকুল আলম।