ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শপথে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকা ছাড়া

শপথে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকা ছাড়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যাবেন। তারা ওই গাড়িতেই ফিরবেন, তবে তখন আর গাড়িতে জাতীয় পতাকা থাকবে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের আলোচ্য বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টাদের নিয়ে কথা বলেন প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যবের দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টা যারা তারা শপথের (নতুন মন্ত্রিসভার) দিন থাকবেন, তারা শপথ অনুষ্ঠানে যোগ দেবেন এবং শপথের দিন তারা পতাকাবাহী গাড়িতে যাবেন। যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় ওই গাড়ি তাঁদের বাসায় পৌঁছে দেবে, কিন্তু পতাকা থাকবে না।’

প্রেস সচিব আরও উল্লেখ করেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আবা/এসআর/২৫

শপথ,উপদেষ্টা,পতাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত