ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবন প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

দুর্নীতি সংক্রান্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদের জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।

গণপূর্ত খাতে বিভিন্ন স্থানে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কিছু কাজ এখনো সম্পন্ন হয়নি। সেগুলো দ্রুত শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী,বাসভবন,গণপূর্ত উপদেষ্টা,আদিলুর রহমান খান,প্রধানমন্ত্রীর বাসভবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত