ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

টিআইবি

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১,৩৫৬ কোটি টাকা

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১,৩৫৬ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৫৬ কোটি টাকা। এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি এ তথ্য তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, নবম জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের মোট দায় বা ঋণ ছিল ১ হাজার ১০৭ কোটি টাকা। দশম সংসদে তা বেড়ে হয় ৩ হাজার ৬২৪ কোটি টাকা। একাদশ সংসদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৪২৩ কোটি টাকা এবং দ্বাদশ সংসদে তা বৃদ্ধি পেয়ে হয় ১০ হাজার ৩৯২ কোটি টাকা। সর্বশেষ ত্রয়োদশ সংসদে এ অঙ্ক আরও বেড়ে ১১ হাজার ৩৫৬ কোটি টাকায় পৌঁছেছে।

ত্রয়োদশ সংসদের প্রায় অর্ধেক সদস্যই ঋণগ্রস্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৬২ দশমিক ০২ শতাংশ ঋণগ্রস্ত। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এ হার ১৫ দশমিক ৯৪ শতাংশ।

সংসদভিত্তিক তুলনায় ঋণগ্রস্ত সদস্যের হার নবম সংসদে ছিল ৫৩ দশমিক ৬৮ শতাংশ, দশম সংসদে ৫৬ দশমিক ০১ শতাংশ, একাদশ সংসদে ৫১ দশমিক ৩০ শতাংশ এবং দ্বাদশ সংসদে ৫২ শতাংশ। ত্রয়োদশ সংসদে এ হার কিছুটা কমে ৪৯ দশমিক ৮৩ শতাংশে নেমে এসেছে।

আয় সংক্রান্ত তথ্যেও পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, নির্বাচিত সদস্যদের ৬৭ দশমিক ৩৪ শতাংশের বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি। এর মধ্যে ৪৮ জনের বার্ষিক আয় এক কোটি টাকার বেশি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনোভাবে আচরণবিধি ভঙ্গ করেছেন। অনিয়মের মধ্যে ছিল—মুদ্রণকারী প্রতিষ্ঠানের তথ্যবিহীন প্রচারণা সামগ্রী ব্যবহার, যানবাহনসহ মিছিল ও শো-ডাউন, পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, প্রতিপক্ষের পোস্টার-ব্যানার অপসারণ বা নষ্ট করা ইত্যাদি।

টিআইবি আরও জানায়, আচরণবিধির মোট ৫৮টি বিষয়ে দলভিত্তিক প্রার্থীদের উল্লেখযোগ্য লঙ্ঘন লক্ষ্য করা গেছে। এ প্রবণতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও পরিলক্ষিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ,টিআইবি,প্রতিবেদন,সংসদ সদস্য,ঋণ,দায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত