জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। আজ প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে তার সভাপতিত্বে সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এরপর নতুন সরকারের মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বাধীন সরকার আবারও দায়িত্ব নিল।