প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ আর সক্রিয় থাকবে না
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Adviser GOB’ আর সক্রিয় থাকবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।’’
বার্তাটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের বিভিন্ন কার্যক্রম ও প্রেস বিজ্ঞপ্তি এতদিন ‘Chief Adviser GOB’ ফেসবুক পেজে প্রকাশ করা হতো।
চলতি মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল মঙ্গলবার দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এরপর নতুন সরকারের মন্ত্রীরা ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
