দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার প্রায়োরিটি: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার প্রায়োরিটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেবো। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারো চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করবো।
স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ডাক্তারদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করবো। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে যায় তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা নেই, সে ক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। পাশাপাশি স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও কাজ করবেন বলে জানান তিনি।
