প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।
বৈঠকে আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, জনগণের বিপুল সমর্থনের প্রতিদান দিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে— এ কথা প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন যেন দায়িত্ব পালনে কোনও ধরনের প্রভাব, স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাশত করা না হয়।
তিনি বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনতে নির্দেশ দেয়া হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর হওয়ায় ওই অঞ্চলে নতুন করে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়ার কথা আলোচনায় এসেছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে এবং এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাব নিয়েও কাজ করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণের দেয়া ম্যান্ডেট বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দফতরে পৌঁছান এবং বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সচিবদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।
