আজ থেকে অফিস-আদালত ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেহেরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে নতুন সময়সূচি অনুযায়ী।

সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।

রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, রমজানে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে, তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।

রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের দাপ্তরিক সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আদালত প্রাঙ্গণেও দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

এদিকে ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন অনুযায়ী তাদের নিজস্ব সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।