
পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়ে। এ প্রেক্ষাপটে সরকারের উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব। পাশাপাশি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।