তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন বার্তা, বাণিজ্য-প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ থেকে পাঠানো বার্তায় ট্রাম্প বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে প্রয়োজনীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে। এছাড়া তিনি উল্লেখ করেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
ট্রাম্প আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করা সম্ভব হবে।
বার্তায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
সর্বশেষে ট্রাম্প প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
