পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে এবং সম্পর্ক এগিয়ে নেবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে “বাংলাদেশ ফার্স্ট” প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হবে।
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সঙ্গে নিয়েই তিনি কাজ এগিয়ে নিতে চান।
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকগুলো ছিল সমন্বয় জোরদারের অংশ। সব মন্ত্রণালয়কে সহায়তা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়েও সরকার অবগত রয়েছে জানিয়ে তিনি বলেন, কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রাখবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় পর্যায়েই সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত ও ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার ওপরও জোর দেন তিনি। তার ভাষায়, ‘বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।’
