মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সামাজিক সমস্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার উদ্যোগ শুরু হয়েছিল, ঠিক তেমনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকেই শুরু করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর অবস্থান ঘোষণা করেছে এবং এই অবস্থান বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।