অনলাইন সংস্করণ
১১:৩৮, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামির শ্রদ্ধা নিবেদনকে ঘিরে বিভেদ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবদিকদের তিনি বলেন, ‘যে কারণেই হোক দেশে, দেশের বাইরে গিয়ে তারা (জামায়াত) তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এখনো কি আমরা এই বিভেদকে ধরে রেখে, জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবো? যেভাবে আওয়ামীলীগ নিয়ে গিয়েছিলো? নাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করবো, যেটা ছিলো মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।’
প্রতিমন্ত্রী আরও বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সবাই শহিদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। তাই এ বিষয়টি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এবারই প্রথম জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানালেন। তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।