অনলাইন সংস্করণ
১৪:৩০, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি ফেব্রুয়ারি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো।
মন্ত্রী আরও বলেন, আমাদের সেই পরিকল্পনা হচ্ছে, আমাদের পশ্চাৎপদ নারী, আমরা তাদের ক্ষমতায়ন করতে চাই। তাদের পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা তাই ফ্যামিলি কার্ড দিতে চাই।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লক্ষ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছাতে পারি তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক।
তিনি আরও বলেন, আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে শুরু করবো, তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকবো।
তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবিলা, বেকারত্ব দূর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি, গণমাধ্যমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া না হয়। আমি তাই গণমাধ্যমের অভিভাবক হতে চাই। যাতে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।