অনলাইন সংস্করণ
১৩:৩৬, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো।
সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।