ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শীঘ্রই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

শীঘ্রই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

সরকার ফ্যামিলি কার্ডের মতোই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, কৃষক কার্ড নিয়ে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। আমাদের নির্বাচনি অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেয়ার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের ‘পাইলট প্রজেক্ট’ শুরু করতে যাচ্ছি।

কৃষক কার্ড বিতরণ শুরুর সময় জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সময়টা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ প্রস্তুতির অনেক বিষয় রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে, যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে।

কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। কৃষি জ্ঞান ও আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা হবে। সার, কীটনাশক ও বীজের মতো সব কৃষি উপকরণে সহযোগিতা মিলবে। স্মার্ট পদ্ধতিতে বাজার পরিস্থিতি, উৎপাদনের অবস্থা এবং আবহাওয়ার বার্তা পাওয়া যাবে। সঠিক তথ্য প্রাপ্তির ফলে কৃষকরা উন্নত পরিকল্পনা করতে পারবেন।

এটা কি প্রকৃত কৃষকরা কি পাবে না কি এলাকার মেম্বার বা যারা প্রভাবশালী তারা নিয়ে নিবে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জহির উদ্দিন স্বপন বলেন, কোনো লিকেজ বা মধ্যস্বত্বভোগী যেন সুযোগ না পায়, সেজন্যই আমরা “স্মার্ট কৃষক কার্ডের” দিকে যাচ্ছি। একজন সিম ক্রেতা যেমন সরাসরি ব্যাংকিং বা অন্যান্য সেবা পান, তেমনি এ কার্ডের মাধ্যমে কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ তৈরি হবে। ফলে কৃষক সরাসরি সুবিধা পাবেন এবং রাষ্ট্রও তাদের সমস্যাগুলো সরাসরি জানতে পারবে।

কত কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা আছে—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব কৃষকদের দেবো। পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে। অবশ্যই পাইলট প্রজেক্টে সবাইকে নিতে পারবো না। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করবো।

সরকার,তথ্যমন্ত্রী,জহির উদ্দিন স্বপন,কৃষক কার্ড,প্রধানমন্ত্রী,পাইলট প্রকল্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত