দেশের পাঁচ বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির আভাস 

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের পাঁচ বিভাগে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।