ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমান মাছুউদ।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনিই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে পরদিন ৪ ফেব্রুয়ারি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুয়ায়ী এই ঘোষণা করা হয়।

আরপিও, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

অন্যদিকে, বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, ফলে নির্বাচন কমিশন এটি শূন্য ঘোষণা করে।

বগুড়া-৬,শেরপুর-৩,উপনির্বাচন,নির্বাচন কমিশন,ভোটগ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত