একুশে পদক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬ সালের ‘একুশে পদক’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে রাষ্ট্রীয় এই সম্মাননা তুলে দেবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়।
এবার একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজশ হালদার যশ এবং নৃত্যে অর্থী আহমেদ। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে এবার একুশে পদক পাচ্ছে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।
