পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

জানা গেছে, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে একবার আওয়ামী লীগ শাসনামলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তবে বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। পরে আবার আওয়ামী লীগ শাসনামলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ছাত্র-জনতার গণঅভুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় পুলিশ সুপার (বাংলাদেশ) পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর তিনি সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পান।