আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

জানা গেছে, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে একবার আওয়ামী লীগ শাসনামলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তবে বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। পরে আবার আওয়ামী লীগ শাসনামলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ছাত্র-জনতার গণঅভুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় পুলিশ সুপার (বাংলাদেশ) পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর তিনি সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পান।