ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজার শহরের কলাতলী এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ২০ এর দিকে ভয়াবহ এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, যা আড়াইটার দিকেও চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কলাতলীর দক্ষিণ আদর্শগ্রামে জনবসতির ভেতর রামুর এন আলম গ্রুপ অব কোম্পানির গ্যাস পাম্পটি স্থাপন করা হয়। মাত্র কয়েকদিন আগে এটি গ্যাস সরবরাহ শুরু করে। বুধবার সন্ধ্যায় ট্যাংক থেকে গ্যাস লিকেজ বা নির্গত হয়ে প্রথম আগুন লাগে পাম্প এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আগুন নিয়ন্ত্রণে আনলেও গ্যাস নির্গত হওয়া বন্ধ করা যায়নি।

তারা আরও জানান, গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে পাম্পের ১০০ মিটারের মধ্যে সব ধরনের আগুন জ্বালাতে নিষেধ করে মাইকিং করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু পাশে জিপ মেরামতের কারখানায় কোনো ব্যক্তি অসাবধানতাবশত সিগারেট ধরালে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। এতে অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন রাত দেড়টার দিকে গণমাধ্যমকে বলেন, ওই পাম্পে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। আহতদের বিষয়ে তিনি জানান, আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি দুজনকে এখানকার হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আবা/এসআর/২৫

কক্সবাজার,এলপি গ্যাস,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত