মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহে ডিএমটিসিএলের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে; ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে না। এছাড়াও বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যেকোনো ধরনের কনটেন্ট কার্যক্রম চালানো যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এতে আরও বলা হয়, ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী মেট্রোরেল এলাকার ভেতরে বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
মেট্রোরেলে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
