অনলাইন সংস্করণ
১৫:৪৮, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে সুরসপ্তক শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন, এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদ সহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজন।
পরে বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন।
উদ্বোধন শেষে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।