সেনাবাহিনীর আরও ৬ শীর্ষ পদে রদবদল
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। আরও এক দফা রদবদলে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদে এসেছে নতুন মুখ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল শাহীন। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।
এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।
পাশাপাশি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়েছে।
আবা/এসআর/২৫
