ফের ভূমিকম্পে কাঁপল দেশ, এবার উৎপত্তি সাতক্ষীরায়
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই কম্পন টের পান মানুষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা।
সাতক্ষীরায় ভূমিকম্পের সময় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানা গেছে। মসজিদে নামাজ আদায় করতে যাওয়া অনেক মুসল্লি আতঙ্কে মসজিদ থেকে বেরিয়ে যান।
এ ছাড়া খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ঢাকা পোস্ট জানতে পেরেছে।
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজকের ঘটনার আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পনের মধ্য দিয়ে শুরু হয় এই ধারাবাহিকতা। ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার ভূকম্পন অনুভূত হয়, যার মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার একটি এবং মিয়ানমারে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প ছিল।
এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ।
