ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ তারেক রহমান বগুড়া সফরে যাচ্ছেন। শুক্রবার দুপুর সোয়া একটার দিকে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের সূচনা হবে বগুড়া থেকেই।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য সুফলভোগী পরিবার নির্ধারণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রকৃত চিত্র নিরূপণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলছে।

কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসককে সভাপতি করে জেলা পর্যায়ে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও মনিটরিং ও বাস্তবায়ন কমিটি করা হয়েছে, যাতে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় থাকে।

জানা গেছে, ফ্যামিলি কার্ডপ্রাপ্ত প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। পরিবারের একজন নারী সদস্যকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

নির্ধারিত মানদণ্ড অনুযায়ী একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। চার মাস মেয়াদি পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যকারিতা মূল্যায়ন করা হবে। প্রত্যাশিত ফল মিললে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।