অনলাইন সংস্করণ
১৯:৫৯, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৯৫২, ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি এবং এই সমর্থনের ঋণ কখনো শোধ করার নয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব বলেন।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের স্বপ্নগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং খুব শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু এবং ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা যা বলেছিলাম, তা বাস্তবায়নে করে এগিয়ে যাচ্ছি।’গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা কখনো হার মানিনি, মানবো না। ৫২, ৭১ আর ২৪-এর চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।‘ মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক আন্দোলনের আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ইএসডিওর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. শহীদ উজ জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।