ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৩:৪২ | অনলাইন সংস্করণ

ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবেলায় ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
মন্ত্রী বলেন, আমাদের উপকূলীয় অঞ্চলে যেভাবে দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, ঠিক সেই মডেলে ঢাকাতেও বাহিনী তৈরির নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ভূমিকম্পের মতো সময়ে লোকজনকে অ্যাসেম্বল (একত্রিত) করার জন্য ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ এবং স্কুলগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদের। পাশাপাশি ভূমিকম্পের সময় সচেতনতা তৈরি করতে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
আসাদুল হাবিব বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ের সক্ষমতা বিবেচনা করে প্রয়োজনি ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
