ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:৩৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আজ ২ মার্চ, ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পতাকাটি উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব।
একাত্তরের অগ্নিঝরা মার্চের ২ তারিখে উত্তোলিত সেই পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত। একই দিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের আহ্বানে সাড়া দেয় ছাত্রসমাজ ও সাধারণ মানুষ। ঐতিহাসিক ওই পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতা সংগ্রাম নতুন গতি পায় এবং মুক্তির পথে যাত্রা সুদৃঢ় হয়।
দেশের বাইরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে। সেখানে ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব।
