জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেয়ার প্রস্তাব দিয়েছে সরকারি দল বিএনপি।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।

উচ্চকক্ষ গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এটা আলাপ-আলোচনার বিষয়। তবে আমরা ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টি এখন অফার করতেই পারি। যদিও চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। সেটা আমরা এখনই গুড উইল হিসেবে অফার করেছি।