মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন পেলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২৩:১৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খোদ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সাংবাদিকদেরকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, আমরা আশা করি, আর কেউ নিহত আহত হবেন না। যারা আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনা হবে। যুদ্ধ কোনো সমাধান, এটা বাংলাদেশ মনে করে না।
প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় খামেনির প্রাসাদ। ওইদিন খামেনি ছাড়াও নিহত হন তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই।
আবা/এসআর/২৫
