প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬:১৩ | অনলাইন সংস্করণ

আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে নির্বাচনী বিধি বিবেচনায় এই সফর আপাতত বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 

তিনি জানান, ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। তিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী, শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। 

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।