চুক্তিতে নিয়োগ পেলেন নতুন চার সচিব
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে।
চুক্তিভিত্তিক চার সচিবের মধ্যে রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্য সেবা বিভাগে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী উক্ত কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপর প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হচ্ছে।
আবা/এসআর/২৫
