ঢাকায় পৌঁছেছেন মা‌র্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

মঙ্গলবার (৩ মার্চ) রা‌ত ৮টার পর তি‌নি দিল্লি হ‌য়ে ঢাকায় পৌঁ‌ছান। বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মা‌র্কিন দূতাবা‌সের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে, তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন।

সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

 

আবা/এসআর/২৫