অনলাইন সংস্করণ
১৭:৩৭, ০৫ মার্চ, ২০২৬
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবার মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের জানান, এই বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে।
খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে তার সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এই পদক দেওয়া হয়।