অনলাইন সংস্করণ
১৯:০৩, ০৫ মার্চ, ২০২৬
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৬ মরণোত্তর পাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার (৫ মার্চ) সরকারিভাবে প্রকাশিত স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়।
জনস্বাস্থ্য ও সামাজিক সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।
পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৩ সালের ১১ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে দেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য আন্দোলনে এক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হয়।
প্রতি বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার স্বাধীনতা পুরস্কার প্রদান করে থাকে।