ডিএনসিসির তহবিলে ১২৬০ কোটি টাকা রেখে গেছি: মোহাম্মদ এজাজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৯:১৫ | অনলাইন সংস্করণ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আর্থিক সংকট নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে ডিএনসিসির কোষাগারের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে মোহাম্মদ এজাজ জানান, দায়িত্ব শেষ করে যাওয়ার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি অ্যাকাউন্টে মোট ১২৬০ কোটি টাকার বেশি অর্থ রেখে গেছেন তিনি।

তিনি লিখেছেন, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তিনি এক বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন এবং সেই মেয়াদের শেষ দিন ছিল ১০ ফেব্রুয়ারি ২০২৬। ওই দিন দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ডিএনসিসির ২৬টি অ্যাকাউন্টে মোট ১২৬০ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৩১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা ছিল।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরও ভালো কাজ করবে বলে তিনি আশা করছেন এবং তাদের জন্য শুভকামনাও জানিয়েছেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।