
রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাবে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে।
তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনর রশিদ (৩২)। আর সায়েন্স ল্যাবে দুর্ঘটনায় নিহতরা হলেন- সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।
জানা যায়, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছরের সিথিকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। রাত ৯টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিথি। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আবা/এসআর/২৫