সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শ্রমমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ

সন্ত্রাসী, চাঁদাবাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই এসব কর্মকাণ্ড সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।
ছিনতাইকারীসহ নানা অপরামূলক কর্মকাণ্ডে লিপ্তদের গ্রেফতার করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
